একজন মুসলিম নারী হিসেবে কি আমরা “স্বাধীন”, “শক্তিশালী”, ” ক্ষমতায়িত” হওয়ার স্বপ্ন দেখতে পারি? আমরা কি হলফ করে বলতে পারি, এমন নারী হওয়ার বুলি একচেটিয়াভাবে নারীবাদী মতাদর্শের অংশ নয়? খাদীজা (রা) কি একজন “শক্তিশালী ও ক্ষমতায়িত” নারী ছিলেন? বা, আয়িশা (রা)? নারী সাহাবিদের মধ্যে কেউ কি এমন ছিলেন?
এই আলোচনা শুরুর আগে আমাদের জেনে নেয়া প্রয়োজন বিশেষ এই ধারণা বা মতাদর্শের শুরুটা কোথায়। এরপর আমাদের “শক্তি”, “স্বাধীনতা”, “ক্ষমতায়ন” এবং “নারী” এই টার্ম বা শব্দগুলোকে সংজ্ঞায়িত করতে হবে৷ এই টার্মগুলোর উৎপত্তি এবং আধুনিককালে এর ব্যবহার ও প্রাসঙ্গিকতা আমাদের আলোচনা করতে হবে৷ “শক্তিশালী, স্বাধীন, ক্ষমতায়িত” টার্মগুলো একসাথে নারীকে কিভাবে সংজ্ঞায়িত করছে তা আমাদের জানতে হবে৷
এর ঐতিহাসিক উৎপত্তি কোথায়?
এই বুলির প্রচলিত পূর্ণরুপ হলো “একজন শক্তিশালী স্বাধীন নারী হলো সে যার কোনো পুরুষের দরকার নেই” ( A strong, independent woman who don’t need no man)। এই কথাটা সাংস্কৃতিকভাবে খুবই জনপ্রিয়তা লাভ করে এবং পরবর্তীতে meme এ রুপান্তর হয়। এই meme এর ব্যবহার ২০১০ এ শুরু হয়েছিল যা কিনা সেই সময়ে ভাইরাল হয় এর পর এক দশকের বেশি পার হলেও তা এখনো বিভিন্নভাবে উল্লেখ করা হয়৷ এই বুলি মূলত নারীর স্বাধীনতার সাথে পুরুষকে প্রাসঙ্গিক করে এভাবেঃ স্বাধীন নারী এমন একজন নারী যার পুরুষের কোনো দরকার নেই!
অথচ এই জনপ্রিয় বুলি ব্যাপকভাবে বিস্তারের আগে আমরা গত শতাব্দীর বিভিন্ন বিখ্যাত সাহিত্যে এবং বইয়ে “শক্তিশালী, স্বাধীন নারী” র উল্লেখ পাই এবং সূচনালগ্ন থেকে নারীবাদের বিস্তার লক্ষ্য করি৷
১৯ শতকের শেষের দিকে নারীবাদী আদর্শের মূল টার্ম হিসেবে আবির্ভূত হয় “New Woman” (নতুন নারী) শব্দটি। নারীবাদের প্রথম পর্যায়ে আবির্ভূত এই শব্দের আদর্শিক প্রভাব ২০ শতকের নারীবাদী চেতনায় ব্যাপকভাবে বহাল থাকে৷ ১৯৮৪ সালে আইরিশ লেখক সারাহ গ্র্যান্ড একটি প্রভাবশালী প্রবন্ধে New woman বা নতুন নারীর পরিচয় দেন এভাবেঃ স্বাধীন নারী হলো তারা, যারা প্রথাগত রীতিনীতির মুখে থুথু ফেলে সাংস্কৃতিক ও সামাজিক অঙগনে “আমূল পরিবর্তন” ঘটাতে চাইছে। এই টার্মটা ক্রমেই জনপ্রিয় হতে থাকে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নারীবাদী, শিক্ষিত, স্বাধীন কর্মজীবী ও ক্যারিয়ারিস্ট নারীদের পরিচয় হিসেবে এটি ব্যবহৃত হতে থাকে। এখানে স্বাধীনতা বলতে নারীদের মাঝে চেতনা ও আদর্শিক পরিবর্তনকে বুঝানো হয় এবং একইসাথে তাদের কার্যকলাপ, ভাবভঙ্গি ও পোশাক-আশাকের পরিবর্তনকে এতে অন্তর্ভুক্ত করা হয়। সমাজে জেগে ওঠা এই নতুন নারীরা হলো সাদা চামড়ার উচ্চবিত্ত বা মধ্যবিত্ত নারী যারা বিয়ে, পরিবার, মাতৃত্ব, সতীত্ব ও যৌন নিরাপত্তার বিনিময়ে বেছে নিয়েছিল উচ্চশিক্ষা, ক্যারিয়ারে উচ্চাভিলাষীতা, আর্থিক লাভ, যৌন স্বাধীনতা এবং অবাধ মেলামেশাকে৷
এই সময়ের অন্যতম বিখ্যাত সাহিত্য ক্যাট চপকিন্সের The Awakening ( ১৮৯৯) এ উঠে এসেছে ফ্লবার্টের Madame Bovary ( ১৮৫৬) এর গল্পের প্রতিচ্ছায়া। এই দুইটিরই উপাখ্যান রচিত হয়েছে স্বাধীনভাবে যৌনতার অনুসন্ধানের মাধ্যমে নারীর স্বাধীনতা ও আপন সত্তাকে খুঁজে পাওয়ার বর্ণনায়৷
এটা “নতুন নারী”র শক্তি ও স্বাধীনতার অন্যতম ধারা: অবাধ যৌন স্বাধীনতা। যৌন স্বাধীনতার বিষয়টিকে নিয়ে যখন অব্দি আপস করা হতো না, তেমন সময়ে ম্যারি হিটন অবাধ যৌনতা নিয়ে এভাবে লিখেছেনঃ “ব্যক্তিগত দাম্পত্য জীবনের সম্মান ধরে রাখতে আমি কোনো চেষ্টা করছিনা।” সে নিজের যৌনতাকে যেভাবে ইচ্ছা কোনো সামাজিক বা আইনত বাধা ছাড়া পরিচালনা করতে চেয়েছে। নতুন নারী হওয়ার এই ট্রেন্ডের অনেক অনুসারী নিজেদের ঔদ্ধতা বা সাহসীকতার পরিচয় দিতে সমকামী সম্পর্কে লিপ্ত হয়েছে৷ তারা মনে করতো বিপরীত লিঙগের সাথে যৌন সম্পর্কের মাধ্যমে যৌনতায় পুরুষের আধিপত্যের বশ্যতা স্বীকার করা হয়। তারা মনে করতো সমকামী রোমান্স এবং যৌনতার মাধ্যমে এ থেকে তারা নিষ্কৃতি পাবে। অন্যরা মনে করতো আর্থিক স্বাধীনতা অভিভাবকদের কাছে তাদের যৌন সম্পর্কগুলোর জবাবদিহিতা থেকে মুক্তি দিবে৷ এভাবে তারা নিজেদের নতুন আবিষ্কৃত যৌন স্বাধীনতাকে পরিচালনা করতে থাকে।
এরপর থেকে “নতুন নারী” টার্মটা অনেকভাবে বদলে তার চূড়ান্ত রুপে এসেছে। তা হলোঃ “শক্তিশালী স্বাধীন নারী।” এই টার্মটা আধুনিক সাহিত্যে এখনো উঠে আসে। বেশিরভাগ সময় এর দেখা মেলে সিনেমা, নাটক, গান এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও ও পোস্টে৷ সমসাময়িক বিভিন্ন বিখ্যাত সিনেমা যেমন Wonder Women, the Hunger Games, Captain Marvel তাদের প্রধান চরিত্রকে গড়ে তোলে এই আদর্শেঃ একজন নারীবাদী এবং প্রথাগত লিঙগ ভূমিকার অবাধ্য এমন একজন নারী, শত্রুকে পরাজিত করতে যার কোনো পুরুষের সাহায্য লাগেনা। সে একজন যোদ্ধা, প্রতিবাদী, উগ্র, অদম্য ও সহিংস।
এবার এক এক করে প্রতিটা টার্মের আলোচনা করা যাক৷
“শক্তি” বলতে কী বুঝায়?
স্বাধীন শক্তিশালী নারীর ক্ষেত্রে “শক্তি” শব্দটা বলতে বুঝায় কঠিন এই দুনিয়ার ঘাত প্রতিঘাতকে কোনোরকম দুর্বলতা প্রদর্শন না করে নারীর একা মোকাবিলা করার সক্ষমতা। অর্থাৎ এ হলো সবরকম শারীরিক ও মানসিক দুর্বলতার বিপরীত শক্তি।
কিন্তু প্রতিনিয়ত একা সকল সমস্যা মোকাবিলার এই শক্তি ও সক্ষমতা নারীর জন্য বোঝাস্বরুপ ক্রমাগত যখন কাউকে বলা হয় তুমি শক্তিশালী, তুমি এটা পারবে, তুমি এইসকল বোঝা নিতে পারবে, তখন তা একজনের জন্য অনেক ক্লান্তিকর, শ্রমসাধ্য ও কষ্টকর হয়ে যায়৷ এর ফলে নারীর সামনে পথ সংকীর্ণ হয়ে যায়, তার অপশনগুলো কমে আসে৷ এভাবে নারীকে তার স্বাভাবিক ও সহজাত সক্ষমতার বেশি সহ্য করতে হয় এবং জোরপূর্বক এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যেখানে নারী তার কষ্টের অনুভুতি প্রকাশ করাকে দূর্বলতা মনে করে। এমন “শক্তি” নারীকে সুখি করেনা। বরং তার উলটোটা করে।
শক্তির অনেক ধরণ আছে৷ নারীশক্তি যেমন আছে, তেমনি আছে পৌরুষ শক্তি। কোনোটাকেই আমরা আলাদা করে “ভালো” বা “খারাপ” ক্যাটাগরিতে ফেলতে পারিনা। এই দুইরকম শক্তি যেমন ব্যাপকভাবে একে অন্যের থেকে আলাদা, তেমন অনেক সময় অঙগাঙগিভাবে একে অপরের সম্পূরক৷
“শক্তি” শব্দটা নিয়ে চিন্তা করলে আমাদের মাথায় সবার আগে পৌরুষ শক্তির কথা আসে৷ পুরুষের পেশিবহুল কাঠামো এবং অধিক শারীরিক সহনশীলতায় বাহ্যিকভাবে শক্তির চিহ্ন সুস্পষ্ট৷ নিঃসন্দেহে এই ধরনের শক্তির প্রদর্শনীতে পুরুষ জয়ী৷ চোখ আছে যার এমন মানুষ সহজেই বুঝবে পুরুষের আছে নারীর তুলনায় অপেক্ষাকৃত বড় শারীরিক কাঠামো, হাড়ের গঠন এবং পেশী ভর। পুরুষ অপেক্ষাকৃত লম্বা, তাদের কাঁধ প্রশস্ততর এবং তারা ওজনেও বেশি। তাদের শরীরের উপরের অঙগগুলোর শক্তি বেশি এবং পেশীর গ্রিপ অধিক। পুরুষ নারীর চেয়ে জোরে দৌড়ায়, বেশি উঁচুতে লাফ দেয় এবং প্রবল শক্তিতে ঘুষি বা আঘাত দিতে সক্ষম। শক্তির বিশাল এই ব্যবধানের জন্য খেলাধুলা ও বিভিন্ন শারীরিক কসরত প্রতিযোগিতায় নারী ও পুরুষের আলাদা ব্যবস্থা করা হয়৷ পুরুষের দৈহিক গঠনতন্ত্রের সুস্পষ্ট পার্থক্য নিয়ে বিতর্কের প্রশ্নই আসেনা।
শারীরিক শক্তির ক্ষেত্রে নারীর শক্তি প্রেগন্যান্সি এবং লেবারে৷ বিশেষ করে লেবার একটি শ্রমসাধ্য শারীরিক কাজ (যার সাথে মানসিক, মনস্তাত্ত্বিক শক্তি এবং আবেগ জড়িত) যার মাধ্যমে মানব সন্তান দুনিয়াতে আসে। নারীর জরায়ুর পেশির সংকোচনের ফলে যে শক্তির উৎপাদন হয় তা নারীর শরীর থেকে শিশুকে বের করে আনে। আল্লহ তা’আলা নারীর শরীরে এর জন্য প্রয়োজনীয় পেশি দিয়েছেন, শক্তি দিয়েছেন এবং এমনভাবে নারীদের তৈরী করেছেন যে সন্তান জন্মদানের মতো প্রচন্ড কঠিন ও শ্রমসাধ্য ব্যাপার নারীর জন্য সহনশীল হয়ে ওঠে৷ পুরুষের এই ক্ষমতা নেই। এর জন্য প্রয়োজনীয় জরায়ু, ডিম্বাশয়, বার্থ ক্যানেল, স্তন গ্রন্থি, এস্ট্রোজেন, হরমোন ইত্যাদি পুরুষের নেই।
আমার মনে আছে প্রথম সন্তানের জন্মের সময় যখন আমি আনমেডিকেটেড প্রাকৃতিকভাবে সন্তানের জন্ম দেই, তখন আমার স্বামী আমাকে বলেছিল, “তুমি অনেক শক্তিশালী মাশাআল্লহ!”
আমি তাকে হেসে ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করেছিলাম, “শক্তিশালী বলতে তুমি কি মানসিক শক্তি বা আমার আবেগ বুঝিয়েছো?”
আমার স্বামী বলেছিল, “না, আমি শারীরিক শক্তি বুঝিয়েছি।”
এই শারীরিক শক্তি কিন্ত আমার জন্য নতুন বা অচেনা কিছু না। এই শারীরিক শক্তি আমাদের সত্ত্বাগত যা আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন।
কিন্তু শক্তিকে শুধুই শরীর দিয়ে সংজ্ঞায়িত করা হয়না৷ শক্তি অনেক ধরনের হতে পারে যেমন মানসিক শক্তি, মনস্তাত্ত্বিক শক্তি, আবেগ নিয়ন্ত্রণের শক্তি। সহ্য করার ক্ষমতা, ধৈর্য ধরার ক্ষমতা, অটল থাকার ক্ষমতা এগুলোও শক্তির অন্তর্ভুক্ত৷ কিছু ক্ষেত্রে পুরুষ নারীর চেয়ে অধিক সক্ষম, আবার কিছু ক্ষেত্রে নারী পুরুষের চেয়ে অধিক সক্ষম। শারীরিক বৈশিষ্ট্য, কাঠামো এবং শক্তিগত দিক দিয়ে যেমন লিঙগভেদে পার্থক্য আছে, তেমনি শক্তির অন্যান্য ধরনেও তা আছে। লিঙগভেদে প্রত্যেকের আছে স্বকীয়তা এবং অনন্যতা।
শারীরিক শক্তির বাইরে লিঙগভিত্তিক শক্তির স্বকীয়তার একটি সুনির্দিষ্ট উদাহরণ হলোঃ আবেগ ও অনুভুতি প্রকাশের ক্ষেত্রে আত্নসংযমের অনুসরণ এবং আবেগ নিয়ন্ত্রণে পুরুষ পারদর্শী অন্যদিকে, আবেগ প্রকাশের দিক দিয়ে এবং আবেগ ও অনুভুতির পরিচালনায় নারী পারদর্শী। এই দুই প্রকার শক্তি একে অপর থেকে ভিন্ন এবং দুইটিই সমানভাবে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য৷ মস্তিষ্কের বিভিন্ন আবেগ এবং অনুভূতি পরিচালনার কার্যক্রমকে তাদের কাজ অনুযায়ী বিভিন্ন কম্পার্টমেন্ট বা প্রকোষ্ঠে ভাগ করা যেতে পারে৷ পুরুষের অনন্য বৈশিষ্ট হলো কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য তারা প্রয়োজনে কোনো কম্পার্টমেন্টকে দমিয়ে রাখতে পারে। ফলে পুরুষের আছে বিভিন্ন জরুরি প্রয়োজনে এবং প্রচন্ড চাপের মুখেও আতংকিত না হয়ে কাজ করার সক্ষমতা। নারীদের ক্ষেত্রে এই গুণ সেভাবে পাওয়া যায়না৷ অপরদিকে, নারীর অনন্য বৈশিষ্ট হলো তারা বিভিন্ন আবেগ ও অনুভুতি উপলব্ধি করতে পারে, তার পেছনের কারণ বুঝতে পারে৷ এছাড়াও আবগের প্রকাশ এবং তার ভাগাভাগিতে তারা পারদর্শী। তাদের এই জ্ঞান পারস্পরিক সম্পর্ক ও পারিবারিক প্রেক্ষাপটে আবেগজনিত ক্ষতগুলোর নিরাময়ে এবং মানুষের মনের কষ্ট কমিয়ে মানসিক প্রশান্তি ও বিকাশে সাহায্য করে৷ এভাবে সম্পর্কগুলোর মধ্যে উষ্ণতা বজায় থাকে৷ পুরুষের ক্ষেত্রে আবার এই গুণ সেভাবে পাওয়া যায়না৷
কিন্তু সাধারণত নারীবাদের “স্বাধীন শক্তিশালী নারী”র পরিচয়ে এই সুক্ষ্ম বিষয়গুলোর উল্লেখ অনুপস্থিত থাকে। তারা সাধারণত নারীর শক্তিকে পৌরুষ শক্তির মাপকাঠিতে বিচার করে। Rosie the Riveter এর পোস্টারে আমরা দেখতে পাই মাথায় বান্ডানা পরিহিত একজন নারী তার পেশিবহুল বাহু দেখিয়ে আর মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে নিজের পুরুষালি শক্তি জাহির করছে। একজন পুরুষ যা করতে পারে সেও সহজেই তা করতে পারে! এমনকি সে এরচেয়ে ভালভাবে তা করতে পারে! হাহ, এ যেন পুরুষের প্রতি বুড়া আঙুল!
এরকম চিন্তাভাবনা আর আচার-আচরণ অপরিপক্ক, সংকীর্ণ এবং তুচ্ছ মানসিকতার পরিচয় তো বটেই, সেই সাথে এটি নারীকে তার সহজাত বৈশিষ্ট্যর ঊর্ধ্বে গিয়ে অদ্ভুত সব ভূমিকায় পদার্পণ করতে বাধ্য করে। এটি নারীকে এমন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমন্ডিত করতে চায় যেটায় নারীর আসলে কোনো দক্ষতা নেই আর যেসব গুনাবলী ও দক্ষতা নারীর মধ্যে সহজাত সেগুলোকে অস্বীকার করে৷ এই মতাদর্শ অনুযায়ী নারী ঘরের বাইরের দুনিয়ার চরম প্রতিযোগিতাভাবাপন্ন পরিবেশে চমৎকার সব ক্যারিয়ার গড়ে নিজেই নিজের সব বিল পরিশোধ করতে পারবে, সে নিজেই বাড়ির সামনে উঠানে শ্রমসাধ্য কাজ করতে পারবে এবং সে নিজেই তার প্লাম্বিং এ কোনো সমস্যা হলে ঠিক করতে পারবে৷ হ্যাঁ, শারীরিকভাবে সে এসব কাজ করতে সক্ষম হতেই পারে৷ কিন্তু তাই বলে যে এটা তার জন্য বজায় রাখা সহজ হবে তা নয়। এটা তাকে আনন্দও দেয়না৷
আমরা আগেই বলেছি নারীর আছে নারীশক্তি বা নারীত্বের শক্তি। তেমনি নারীর আছে দুর্বলতা৷ ওয়েন্ডি শালিট তার বই A Return to Modesty তে এই দুর্বলতাকে বিশেষ রকমের দুর্বলতা হিসেবে আখ্যায়িত করেছেন। এই দুনিয়াকে দেখার আবেগী দৃষ্টিভঙগীতে, অনুভব অনুভূতিতে, মানসিক চাপ পরিচালনায়, কঠিন মানুষের সাথে আচরণে, সম্পর্কের পরিচালনায় – এসব ক্ষেত্রে পুরুষের সাথে নারীর বিস্তর ফারাক। পুরুষালি বৈশিষ্ট্যের মাপকাঠিতে নারীদের অভিনয় করতে বাধ্য করে এবং জীবনযাত্রায় এই ভঙগির প্রশিক্ষণ দিয়ে নারীকে “পুরুষের মতো শক্তিশালী” প্রমাণ করার চেষ্টা নারীদের প্রতি কোনো ন্যায্য আচরণ নয়। নারীদের মাঝে মাঝে দুর্বল না হতে দেয়া, তাদের দুর্বলতাকে আশ্রয় না দেয়া, সবসময় তাদের “শক্তিশালী” থাকতে বলা নির্মম, নির্দয়৷ সমতার নামে নারীদের তাদের স্বাভাবিক, সহজাত অন্তর্নিমিত নারীত্বের বৈশিষ্ট্যকে অস্বীকার করা হলো নারীবিদ্বেষের চরম শিখর৷
আসলে, শক্তি এমন কিছু নয় যা জাহির করে বেড়াতে হবে৷ যারা মনে করে নিজেদের শক্তি সবসময় জাহির করে বেড়াতে হবে আসলে তারাই দুর্বল। এটা তাদের আত্নবিশ্বাসের অভাব এবং নিরাপত্তাহীনতার পরিচয়, শক্তির নয়৷
“স্বাধীনতা” বলতে কী বুঝায়?
নারীদের ব্যান্ডদল Destiny’s Child এর ১৯৯৯ সালে মুক্তি পাওয়া গান Independent Woman (স্বাধীন নারী) সেইসময়ে চার্টের শীর্ষে ছিল৷ এই গানকে বলা হয় নারীবাদী চেতনার গণসংগীত৷
এবার গানের কিছু লাইন একটু দেখিঃ
Question, tell me what you think about me (বলো আমাকে নিয়ে তোমার কি ধারণা)
I buy my own diamonds and I buy my own ring (আমি নিজেই আমার জন্য ডায়মন্ড আর আংটি কিনি )
Only ring your celly when I’m feeling lonely (তোমাকে আমি শুধু তখনি কল দেই যখন আমার একা লাগে )
When it’s all over, please get up and leave (যখন আমার প্রয়োজন শেষ, দয়া করে উঠে চলে যাও )
Question, tell me how you feel about this (বলো এটা নিয়ে তোমার কি অনুভূতি )
Try to control me, boy, you are dismissed (আমাকে কন্ট্রোল করার চেষ্টা করলে তোমাকে ত্যাগ করবো, ছেলে! )
Pay my own car note and I pay my own bills (আমার গাড়ির লোন শোধ করো আর আমি আমার বিল শোধ করবো )
Always fifty-fifty in relationships (সম্পর্কে দুইজনই 50-50 দিবে)
[Pre-Chorus:]
The shoes on my feet I bought’em (আমার পায়ের জুতা আমার কেনা)
The clothes I’m wearing I bought’em (আমার গায়ের জামা আমার কেনা)
The rock I’m rocking, I bought it
Cause I depend on me if I want it (কারণ আমার ইচ্ছায় আমি নিজের উপর নির্ভরশীল)
The watch I’m wearing I bought it (আমার হাতের ঘড়ি আমার কেনা )
The house I live in, I bought it (আমার বাড়ি আমার কেনা)
The car I’m driving, I bought it (আমার গাড়ি আমার কেনা )
I depend on me , I depend on me (আমি স্বনির্ভর )
All the women who independent (সকল স্বাধীন নারী)
Throw your hands up at me (সবার হাত তোলো)
All the honeys who make money (সকল উপার্জনকারী নারী)
Throw your hands up at me (সবার হাত তোলো)
All the mamas who profit dollars (সকল মা যারা ডলার লাভ করছো)
Throw your hands up at me (সবার হাত তোলো)
All the ladies who truly feel me (সকল নারী যারা আমার সাথে একমত )
Throw your hands up at me (সবার হাত তোলো)
[Verse 2]
Tell me how you feel about this (বলো এটা নিয়ে তোমার অনুভূতি কী )
Do what I want, live how I wanna live (আমার যা ইচ্ছা করি, যেভাবে ইচ্ছা চলি)
I worked hard and sacrificed to get what I want (আমি কষ্ট করেছি, যা পেয়েছি তার জন্য ত্যাগ স্বীকার করেছি)
Ladies, it ain’t easy being independent (নারীরা, স্বাধীন হওয়া এতো সহজ না)
Question, how’d you like this knowledge that I brought? (বলো আমি যেই ব্যাপার জানালাম তা তোমার কেমন লাগলো?)
Braggin’ on the cash he gave you is a front (তার দেয়া অর্থের বড়াই করা তুচ্ছ )
If you’re gonna brag, make sure it’s your money you flaunt (বড়াই যদি করতেই হয়, নিজেই আয় করা অর্থের জন্য করো )
Depend on no one else to give you what you want (নিজেকে যা চাও তাই যদি দিতে চাও তবে স্বনির্ভর হও)

এই বিখ্যাত গানটা নারীবাদীদের আন্দোলনের গণসংগীতে পরিণত হয়৷ বলা চলে, এখানে একজন নারী পুরুষেই রুপান্তরিত হয়েছে৷ নারীই নিজের ভরণপোষণকারী, নিজের রক্ষাকারী এবং নিজের স্বামীর ভূমিকায়ও সেই৷ সে নিজেই তার জন্য ডায়মন্ড রিং কেনে যেটা কিনা আমেরিকান সংস্কৃতিতে একজন পুরুষ কিনে থাকে তার পছন্দের নারীকে বিয়েতে প্রপোজ করার জন্য৷ নারীর পুরুষকে দরকার হয় শুধুমাত্র যৌন চাহিদা মেটানোর জন্য ( only ring your celly when I’m feeling lonely)। এতো কিছুর পরও নারী আসলেই পরিণত হয় একজন পুরুষে৷ সে একাধিক মানুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়, সে অযত্নশীল এবং আবেগশূন্য হয়ে পড়ে। নারী নিত্যনৈমিত্তিক আবেগ বিবর্জিত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে যেখানে পুরুষের কাজ হলো নারীর দরকার শেষে “উঠে চলে যাওয়া” (Get up and leave)। কোনো পুরুষ তাকে “কন্ট্রোল করার চেষ্টা” করবেনা কারণ তাহলে নারী তাকে “ত্যাগ” করবে৷ Try to control me, boy, you are dismissed! এভাবে নারী একজন পুরুষে পরিণত হয় বটে৷
“স্বাধীনতা” শব্দটা আসলে তা “কোথা থেকে” সেই প্রশ্নটাও আসে৷ তা হতে পারে স্পষ্ট কোনো কিছু বা অন্তর্নিহিত কোনো বিষয় থেকে৷ উদাহরণস্বরূপ আমেরিকান বিপ্লবী যুদ্ধের (American revolutionary War) মাধ্যমে আমেরিকা ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে। শূন্য কিছু থেকে স্বাধীনতা লাভের প্রশ্ন আসেনা৷ স্বাধীনতা সবসময়ই কোনো কিছু থেকে বা কোনো মানুষ থেকে৷
কাজেই যখন আমরা কোনো নারীকে স্বাধীন বলছি, সে আসলে কি থেকে বা কার কাছ থেকে স্বাধীন?
পুরুষ। পুরুষতন্ত্র। পুরুষতান্ত্রিক ব্যবস্থা।
“শক্তিশালী স্বাধীন নারী” বুলিতে এই উত্তরই নির্দেশ করা হয়। নারীরা পুরুষ বা পুরুষতন্ত্র বা এই ব্যবস্থার উপর নির্ভরশীল নয় কিন্তু আসলে কি তা ঠিক?
না।
আধুনিক নারীবাদীরা বড়াই করতে পছন্দ করে যে তারা পুরুষের উপর নির্ভরশীল নয় কিন্তু এটা স্পষ্টতই একটা মিথ্যা কথা তাদের নিরাপত্তার বিভ্রম আর বাহাদুরির অভিনয় গড়ে উঠেছে এই ধারণায় যে, সমাজের নির্বিঘ্ন ও মসৃণ পরিচালনায় তাদেরই প্রভাব ও আধিপত্য বেশি। অথচ, এই সমাজই কিনা পুরুষের হাতে তৈরী৷
পুরুষের শারীরিক পরিশ্রমে গড়ে উঠেছে হাইওয়ে, রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সেপটিক সিস্টেম, আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা, ইলেক্ট্রিক গ্রীড, পানির ট্যাংক, বন জংগল পাহাড় বা যেকোনো অন্ধকারময় রাস্তায় আলোক ব্যবস্থা৷ পুরুষেরা নির্মাণ শ্রমিক, মাইন শ্রমিক, প্রকৌশলী, তেল খনি এবং পোকামাকড় দমন সেবায় (পেস্ট কন্ট্রোল) কর্মরত। পুরুষেরা ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, এসির মেরামতকারী, 18-Wheeler ট্রাকের চালক। বিল্ডিং, বাড়িঘর, আকাশচুম্বী অট্টালিকা, ব্রিজ এসবকিছু পুরুষরা শক্ত কাঠামোর করে নকশা করেছে এবং তৈরী করেছে যাতে এগুলো মানুষের জন্য নিরাপদ হয়৷ সমাজকে আমরা এখন যেমন দেখছি এবং অতীত থেকে যেভাবে সমাজ গড়ে উঠেছে, পুরুষই তার নির্মাতা এবং রক্ষণাবেক্ষণকারী।
কাজেই, নিঃসন্দেহে নারীদের যৌন চাহিদা পূরণ ছাড়াও আরো অনেকভাবে পুরুষকে প্রয়োজন৷ সবচেয়ে বস্তুগত অর্থ নিয়ে ভাবলেও শুধুমাত্র নিছক বেঁচে থাকার জন্যও নারীর পুরুষকে প্রয়োজন৷
এখন কেউ হয়তো তর্ক করতে প্রলুদ্ধ হতে পারে এটা বলে যেঃ “কিন্ত দেখো আমি তো সামাজিক কাঠামোর কথা বলছি না! আমি মানি যে এর জন্য নারীর পুরুষকে প্রয়োজন৷ আমি কথা বলছি নারীর আর্থিক স্বাধীনতা নিয়ে৷ স্বামীর প্রতি নারীর আর্থিক নির্ভরশীলতা নারীর উপর পুরুষের আর্থিক নীপিড়নের সুযোগ করে দিতে পারে। নারী আর্থিকভাবে পুরুষ থেকে স্বাধীন হবে৷”
আমার উত্তরঃ না! নারী কখনোই সত্যিকার অর্থে পুরুষ থেকে আর্থিক স্বাধীনতা লাভ করতে পারবেনা। কেন?
কারণ, যদিওবা নারী ভরণপোষণের জন্য স্বামীর ভূমিকাকে উপেক্ষা করছে, সে যেখানেই কাজ করুক না কেন কারো না কারো অধীনেই তাকে থাকতে হচ্ছে৷ যদি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বা ছাঁটাই করা হয়, কোথায় যাবে তার এই আর্থিক স্বাধীনতা? সে আসলে স্বামীর জায়গায় অন্য পুরুষের কর্তৃত্বে নত হচ্ছে। স্বামীর উপর আর্থিক নির্ভরতার বদলে তার বসের থেকে পাওয়া বেতনের মুখাপেক্ষি হচ্ছে৷ কাজেই নারীর আর্থিক নির্ভরতা তার দায়িত্ববান স্বামীর বদলে এমন লোকদের উপর গিয়ে পড়ছে যার/যাদের সাথে তার কোনো সম্পর্কই নেই৷
আধুনিক বিশ্বের বেশিরভাগ মানুষ পুঁজিবাদী ব্যবস্থার অনিশ্চিত বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়৷ আজকে হয়তো কারো একটা নিশ্চিত চাকরি আছে, কিন্তু কালই তাকে বরখাস্ত করা হতে পারে, আর যখন তা হবে দেখা যাবে সঞ্চয়ের অভাবে তাকে পথে বসতে হচ্ছে। এমনকি পুরুষেরাও পুঁজিবাদী ব্যবস্থার দাস হিসেবে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, যদিনা কারো নিজের কোম্পানি বা ব্যবসা থাকে। কিন্ত বেশিরভাগ মানুষই তো উদোক্তা না, কারণ এতে অনেক ঝুঁকিও আছে, অনেক সময় নতুন ব্যবসা/কোম্পানি সফল নাও হতে পারে৷
আধুনিক যুগ এবং এর পুঁজিবাদী ব্যবস্থার আগে সমাজের মানুষ জমিজমার মালিকানায় বেশি গুরুত্ব দিতো। উদাহরণ: মিশরে আমার দাদা আর তার সব ভাই বংশপরম্পরায় নিজের জমিতে কৃষি কাজ করে এসেছে। কিন্তু ধীরে ধীরে আধুনিকায়ন আর উপনিবেশের প্রভাবে মানুষ নিজেদের জমিতে কাজ করা ছেড়ে দিয়েছে৷ অনেকে জমি বিক্রি করে সেই টাকায় ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে, শহরে বিভিন্ন কোম্পানি ও করপোরেশনে কাজে যুক্ত হয়েছে৷ কিন্তু মিশরে আমার পরিবারের সবচেয়ে ধনী এবং সফল তারাই, যারা নিজেদের জমি ছেড়ে দেয়নি। কারণ, উচ্চশিক্ষিতের সংখ্যা যত বেড়েছে তত বেড়েছে বেকারত্ব, আর তাই এখন জমির দাম আর চাহিদাও আকাশচুম্বী। কিন্তু এই অবস্থাও অনিশ্চিত। স্থায়ী আর্থিক নিরাপত্তা বা নিশ্চয়তা বলতে কিছু নেই। এটা যেমন পুরুষের জন্য সত্য, নারীর জন্য আরো বিশেষভাবে প্রযোজ্য। কিন্ত নারী যে তাদের স্বামীকে বাদ দিয়ে আর্থিকভাবে কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে, সেটা নিয়ে নারীবাদীদের কোনো মাথা ব্যথা নেই! এটাই তো বরং আর্থিক নীপিড়ন!
মুখ্যত, প্রতিটা মানুষ পরিপূর্ণভাবে আল্লহর উপর নির্ভরশীল। অন্য কোনো কিছুতে নারী পুরুষ কেউই কখোনও নির্ভরশীল ছিলনা, নেই, হবেওনা। আমাদের মুসলমানদের কাজ হলো একজন অভাবী দাস হিসেবে পরিপূর্ণভাবে আল্লহর প্রতি নির্ভরশীল হওয়া এবং পূর্ণ আনুগত্য স্বীকার করা। স্বাধীনতার মিথ্যা বড়াই আর উচ্চবাচ্য দিয়ে বাস্তবতাকে ঢাকা সম্ভব না।
“ক্ষমতায়ন” বলতে কী বুঝায়?
আহা, ক্ষমতায়ন! এটা ক্লাসিক নারীবাদী বুলিগুলোর একটা যার কোনো অর্থই নেই! তাও তোতাপাখির মতো আমরা এটা নিয়ে বলতেই থাকি!
ক্ষমতায়নের অর্থ নারী নিজের ক্ষমতাকে ফিরিয়ে নেয়া৷ অতীতের যৌনবিদ্বেষী সমাজের শৃঙখল থেকে মুক্ত নারীর এখন আছে স্বাধীনতা, চয়েস, কর্তৃত্ব, আত্ন নিয়ন্ত্রণের অধিকার। সেই নিজের ভাগ্যের নির্ধারক। তার শরীরের একচ্ছত্র অধিপতি সে৷ It’s her body, her choice.
আলোচনার এই পর্যায়ে, আমাকে কি বলে দিতে হবে নাকি আপনারাই বুঝতে পারছেন, যে এরকম মতাদর্শ ইসলামি দৃষ্টান্তের সাথে সংগতিহীন?
মুসলমানদের মনের ইচ্ছামতো চয়েস বা পছন্দ করে নেয়ার অবাধ স্বাধীনতা নেই। এটা নারী ও পুরুষ উভয়ের জন্যই সত্য৷ আমরা সবাই আল্লহর দাস। আল্লহ যা আদেশ করেন আমরা তা মানি, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকি। আল্লহর দয়া এবং হিদায়াতের জন্য আমরা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করি৷
সকল ক্ষমতা আল্লহর পক্ষ থেকে, এখানে আমাদের কোনো কর্তৃত্ব নেই। এখন একটা অত্যন্ত শক্তিশালী যিকির উল্লেখ করি:
لا حول ولا قوة إلا بالله.
আল্লহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই
কাজেই, বানোয়াট ক্ষমতায়নের বিভ্রম বাদ দিন।
“নারী” অর্থ কী?
শেষ পর্যন্ত আমরা আমাদের আলোচনার শেষ শব্দে পৌঁছালামঃ “নারী”। নারীবাদের ধোঁকাবাজিতে নিমজ্জিত আধুনিক সমাজ নারীর পরিচয় ভুলে গিয়েছে। আমরা নারীরাও এখন “নারী” হওয়ার আসল অর্থ বুঝিনা।
আমরা নারীত্বের ফিতরাহ, সহজাত গুনাগুন এবং অনন্যতা হারিয়ে ফেলেছি৷ অবুঝের মতো আমরা পুরুষের সমান হওয়ার প্রতিযোগিতায় আপন নারীত্ব ত্যাগ করে বসে আছি৷ শক্তির সংজ্ঞার আলোচনা থেকে আমরা জেনেছি, নারী আর পুরুষের মাঝে বিস্তর ফারাক৷ একদম গোঁড়া থেকেই নারী পুরুষ অনেক আলাদা৷ এটা তো খারাপ না! এখানে লজ্জার কিছু নেই, এটাকে দোষের মনে করার কিছু নেই, এটা থেকে দূরে সরে আসারও কোনো কারণ নেই!
এটাই সহজাত। এটাই প্রাকৃতিক। এটাই সুন্দর। নারী পুরুষের সমন্বয়ে আসে বৈচিত্রতা। কিছু ক্ষেত্রে নারী পুরুষের মিল আছে। আর যেসব ক্ষেত্রে তাদের মধ্যে অমিল, সেগুলোই তাদের একে অপরের প্রতি আকর্ষণ ঘটায়৷ কঠিন ও কোমল। অদম্য ও নমনীয়৷ রক্ষাকারী ও যাকে রক্ষা করা হয়৷
আল্লহ সব সৃষ্টি জোড়ায় জোড়ায় তৈরী করেছেন ৷ অনেক ক্ষেত্রেই জোড়ায় একে অপরের বিপরীত বৈশিষ্ট্যর। একটা অন্যটার চেয়ে কম না, বেশিও না৷ তারা ভিন্নধর্মী।
সূরা আল-লাইলের শুরুতে আল্লহ বলেন:
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ. وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ. وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ. إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ.
“শপথ রাতের, যখন তা আচ্ছন্ন করে। এবং দিনের, যখন তা উদ্ভাসিত হয়। এবং সেই সত্তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। বস্তুত তোমাদের প্রচেষ্টা ভিন্ন রকমের।”
সূরা ফাজরের শুরুতে আল্লহ অত্যন্ত চিন্তাকর্ষক এবং চমকপ্রদ শপথ নেন:
وَٱلْفَجْرِ . وَلَيَالٍ عَشْرٍ. وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ…
“শপথ ঊষার। এবং দশ রাতের। এবং জোড় ও বেজোড়ের।….”
মুফাসসিরগণের বিশ্লেষণ মতে, এখানে “জোড় ও বেজোড়” এর অন্যতম অর্থ হলো: আল্লহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবী। দিন ও রাত। সূর্য ও চাঁদ। ভূমি ও সমুদ্র। পুরুষ ও নারী। এগুলো সব জোড়ায় আছে ৷ একমাত্র বেজোড় হলেন স্বয়ং আল্লহ। আল্লহ এক ও অদ্বিতীয়। স্রষ্টা বনাম সৃষ্টি৷ স্রষ্টা আর সৃষ্টির কখনো তুলনা হবেনা। সৃষ্টির বৈশিষ্ট্য হলো তারা থাকে জোড়ায় জোড়ায়। তারা বিপরীতমুখী বা বিপরীতধর্মী কিন্তু একে অপরের সম্পূরক। আমাদের এটা নিয়ে গভীর চিন্তা করা উচিত।
আমাদের এটা নিয়ে গভীর চিন্তা করা উচিত। আকাশকে কি পৃথিবীর তুলনায় বৈশিষ্ট্যে নগন্য বলা যায় নাকি পৃথিবী আকাশের তুলনায় নগন্য? সমুদ্র কি কখনো ভূমির মতো হতে পারে? বা ভূমি সমুদ্রের মতো? সূর্যের বৈশিষ্ট্য কি কখনো চাঁদের মতো হয়ে যায়?
তাহলে কেন আমরা নারী ও পুরুষকে একই মাপকাঠিতে ফেলার ব্যর্থ প্রচেষ্টা চালাই?
এটা কি বোকামি ছাড়া আর কিছু?
আচ্ছা ধরেন একজন নারীর চাকরি করার যোগ্যতা আছে কাজেই সে উপার্জন করতে পারবে। অর্থাৎ তার নিজেকে চালানোর মতো সক্ষমতা আছে এবং স্বামী ছাড়াই সে একা দুনিয়ায় টিকে থাকতে পারবে৷ এরকম কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু এরকম জীবন কি তাকে প্রকৃত সুখ এবং পরিপূর্ণতা দিবে? না, কখনোই না।
সত্যিকার অর্থে, নারী চায় একজন শক্ত সামর্থ্য, প্রেমময় পুরুষ তার যত্ন নিক, তাকে নিরাপত্তা দিক। নির্মম শীতল কঠিন এই দুনিয়ায় নারী কখোনও কারো সাহায্য ছাড়া একা থাকতে চায় না৷ নারীবাদের “শক্তি” ও “স্বাধীনতা”র বুলি নারীকে দুর্বিষহ করে তোলে। এটা নারীকে খুশি করেনা বরং পুরুষকে খুশি করে৷ নারী পুরুষের পার্থক্যকে স্বীকার না করার পরিণতি এটাই৷ পুরুষের ক্ষেত্রে যা খাটে, নারীর ক্ষেত্রে তা খাটেনা৷ কিন্তু একগুঁয়ে নারীবাদীরা তা স্বীকার করতে চায়না।
কাজেই, নারীবাদের ” শক্তিশালী, স্বাধীন, ক্ষমতায়িত নারী”র বুলি আমাদের মুসলিম নারীদের সাথে খাটবেনা। আমরা মুসলিম নারীরা এটা ছাড়া ভালই আছি, সুখে আছি। ধন্যবাদ!

