উদারতাবাদী বিশ্ব আবারো মুসলিম নারীদের জন্য কান্নাকাটি শুরু করেছে।
না, ৯/১১-পরবর্তী সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের লাখো নিহতের জন্যে নয়। বরং ওইসব ছোট্ট ছোট্ট মুসলিম মেয়ের জন্য, যারা হয়তো জীবনেও জানতে পারবে না লিঙ্গ পরিবর্তন কাকে বলে।
নারীবাদ ও উদারতাবাদী সাম্রাজ্যবাদের মাঝে সুগভীর সম্পর্ক দিনের আলোর মতো পরিষ্কার। জোসেফ মাসাদের “ইসলাম ইন লিব্রেলিজমে“র কথাই ধরুন। ইসলামের সাথে উদারতাবাদের ঐতিহাসিক বৈরিতা নিয়ে মাসাদ পুরো একটি গবেষণা নিবন্ধই লিখে ফেলেছেন। সেটার দ্বিতীয় অধ্যায় পুরোটাই নারীবাদ-সম্পর্কিত।
প্রভাবশালী ফরাসি নারীবাদি ক্রিস্টিন ডেলফির কথাও ধরুন। প্রয়াত সিমোন দ্য বোভোয়া’র এই সহযোদ্ধা ইয়োরোপে আধুনিক নারীবাদের প্রধানতম ব্যক্তিত্ব। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে নারীবাদকে হাতিয়ার বানানোর নিন্দা করেছেন তিনিও।
ইসলামের বিরুদ্ধে এই নারীবাদি বয়ানের একটি প্রধান বিষয় হলো মেয়েদের শিক্ষা। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক প্রবন্ধের রচয়িতা মুসলিম নামের অধিকারিনী দুজন “প্রসিদ্ধ” লেখিকা: জাতিসংঘের নাইজেরীয় উপমহাসচিব আমিনা মোহাম্মাদ, এবং জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী প্রতিনিধি লানা যাকি নুসাইবা।
পনেরোই আগস্ট আফগানিস্তানে তালিবানদের বিজয়ের পর মেয়েদের শিক্ষা নিয়ে এই প্রবন্ধটি লিখেন তারা।
বলাবাহুল্য, আফগানিস্তান সম্পর্কে এহেন অবস্থান স্বভাবতই ভণ্ডামিপূর্ণ। তারপরও তাদের বয়ানকে বিশ্লেষণ করা যাক। আমরা দেখব যে, তাদের মাথাব্যথা আসলে মেয়েদের শিক্ষাদীক্ষা নিয়ে নয় (জানা কথা)। বরং ইসলামকে ভয়ঙ্করভাবে তুলে ধরা ও উদারতাবাদের প্রসারে শিক্ষাকে কীভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, সেটাই।
মেয়েদের পড়াশোনা করার অধিকার সহজাত। এই সহজ সত্যটি বাধ্যতামূলক ও আপোসহীন হওয়া চাই। অথচ প্রতিক্রিয়াশীল শক্তিগুলো ইসলামি শিক্ষার মোড়কে প্রায়ই মেয়েদের শিক্ষার অধিকারকে সীমিত বা অস্বীকার করে। এটি বর্বরতা এবং বিশ্বের দ্বিতীয়-বৃহত্তম ধর্মের কেন্দ্রীয় চেতনাকে অস্বীকারের নামান্তর।
“বাধ্যতামূলক ও আপোসহীন”। শুনে মনে হয় যেন যুদ্ধের ঘোষণা। “প্রতিক্রিয়াশীল শক্তিসমূহ” কথাটাও উদ্ভট। “বুর্জোয়া”দের বিরুদ্ধে ব্যবহৃত সমাজতান্ত্রিক-কমিউনিস্ট বিপ্লবী পরিভাষা মনে করিয়ে দেয় তা। এ থেকেই তাদের মেজাজ বোঝা যায়।
প্রাসঙ্গিক: আমাদের কন্যাদের “শিক্ষিত” করার বিপদ
মেয়েদের শিক্ষিত করার মাধ্যমে তারা তাদের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে এবং সমাজে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। জাতিসংঘের প্রতিবেদন থেকে দেখা যায় যেসব সমাজে নারীরা পূর্ণাঙ্গ, সমান ও অর্থপূর্ণ অংশীদার, সেগুলো নিরাপদতর, উত্তমভাবে পরিচালিত ও অধিকতর উৎপাদনশীল। ফি বছর সেগুলো আমাদের আরো বলে যে, যেসব সমাজ ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের ওপর নারীদের স্বকীয়তাকে অস্বীকার করে, সেগুলো সহিংসতা, অস্থিতিশীলতা ও দারিদ্র্যে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি।
যেসব বহুজাতিক সংস্থা উদারতাবাদী আন্তর্জাতিক কাঠামোকে পাহারা দিয়ে রাখে, জাতিসংঘ নিশ্চিতভাবেই সেগুলোর মাঝে অন্যতম। বলপ্রয়োগের মাধ্যমে হলেও উদারতাবাদী রীতিনীতি ও নারীবাদী অন্ধবিশ্বাসের প্রসার ঘটায় তারা। উদারতাবাদ ও জাতিসংঘের “নতুন বিশ্বব্যবস্থা” নিয়ে প্রচুর লেখালেখি বিদ্যমান। তাই যখনই কেউ জাতিসংঘকে কোনো ধরনের কর্তৃপক্ষ হিসেবে ডেকে আনে, সেটাকে মূল আলাপ থেকে মনোযোগ সরিয়ে আনার অপপ্রয়াস হিসেবে দেখা উচিত। এখানে উভয় লেখিকাই জাতিসংঘের সাথে সরাসরি সংশ্লিষ্ট, তাই অবাক হওয়ার কিছু নেই।
তারা নারীদের “পূর্ণাঙ্গ, সমান ও অর্থপূর্ণ অংশীদার” হতে আহ্বান করেন, যাতে সমাজ “নিরাপদতর, উত্তম ও অধিকতর উৎপাদনশীল” হয়ে ওঠে। “উৎপাদনশীলতা”কে পূজনীয় মনে করাটা সামাজিক জীবনের প্রতি বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক। কে বলেছে উৎপাদনশীলতাই সমাজের সবকিছু? এমনও কি হতে পারে না যে, উৎপাদনশীল সমাজ আসলে অসুস্থ সমাজ? সমাজের সুস্থতার অন্য মানদণ্ডগুলোর তাহলে কী হবে? যেমন নৈতিকতা, উত্তম চরিত্র, মজবুত পরিবার, এবং অন্যান্য ইসলামি রীতিনীতি?
পশ্চিম নিজেই নারীবাদীদের এমন এক গবেষণাগার, যেখানে নারীদের পূর্ণাঙ্গ, সমান ও অর্থপূর্ণ (?) অংশীদার বানিয়ে নারীদুর্দশার এক মহামারি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বাস্তবতাকে কি আমরা অগ্রাহ্য করে যাব? পশ্চিমা নারীদের “পূর্ণাঙ্গ” ও “অর্থপূর্ণ” অভিজ্ঞতা এবং “ক্ষমতায়নকারী” চাকরি যে তাদের বন্ধ্যাত্ব ও বিষণ্ণতার এক করুণ ও একাকী জীবনের দিকে ঠেলে দেয়, তা কি না দেখার ভান করে থাকব?
বারংবার আমরা এমনসব চরমপন্থীকে দেখেছি, যারা একটু ক্ষমতা হাতে পেলেই সাথে সাথে নারী ও মেয়েদের নিশানা বানায়। প্রায়শ এখানে প্রথম নিশানা শিক্ষাব্যবস্থা। তারা সহিংসভাবে শিক্ষার্থীদের আক্রমণ করে এবং শিক্ষক, অভিভাবক ও জনসমাজকে আতংকিত করে বিদ্যালয় ও গ্রন্থাগার বন্ধ করিয়ে দিতে চায়। পাকিস্তানি শিক্ষাকর্মী মালালা ইউসুফযাই যেমনটি বলেছেন, “বই হাতে মেয়ে”র প্রতি তারা ভীত। এই ভীতি থেকেই জন্ম নেয় তাদের এই স্বেচ্ছাপ্রণোদিত, সূক্ষ্ম ও আত্মরক্ষামূলক কৌশল। চরমপন্থীরা জানে শিক্ষিত একটি মেয়েও তাদের বিকৃত উদ্দেশ্যের পথে বাধা। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে মেয়েরা শিক্ষিত হয়ে উঠলে তা হয়ে যাবে এক অভেদ্য দেয়াল।
কেউ জানে না এখানে “চরমপন্থী” অর্থ কী। “শিক্ষা” তাদের “প্রথম নিশানা” (?) হওয়া এবং শিক্ষকদের “আতংকিত” (?) করা নিয়ে এত যে বকবকানি, সেগুলো প্রাচ্যবাদীদের কথাবার্তার মতো শোনায়। বাস্তবের সাথে সংযোগবিহীন অতিকল্পনা।
আর মালালা তো বিখ্যাত পশ্চিমা পুতুল, কোনো ইসলামি কর্তৃপক্ষ নয়।
সম্পর্কিত: ডালিয়া মোগাহেদ বনাম তালিবান: কে ভালো ইসলাম বোঝে?
কথা শুরুই হতে হবে এখান থেকে যে, একটি পূর্ণাঙ্গ, সমতাপূর্ণ ও উচ্চমানের শিক্ষাব্যবস্থার অধিকার নিয়ে কোনো আপোস চলবে না। তালিবান সহ যারাই মেয়েদের শিক্ষাকে অস্বীকার বা সীমিত করে দেয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের প্রত্যেককে জবাবদিহিতার মুখোমুখি করানো। দাতা দেশগুলোর সম্পদ এমনভাবে পরিচালিত করা চাই, যাতে সর্বত্র প্রত্যেকটি মেয়ের শ্রেণীকক্ষে যাতায়াত নিশ্চিত করা যায়। স্থানীয় যেসব কণ্ঠ নারী ও মেয়েদের ওপর আক্রমণের বিরুদ্ধে সরব, তাদের সুরক্ষা প্রদানের শর্তেই কেবল দান-সহায়তা প্রদান করা উচিত।
এটা সবচেয়ে মজার জায়গা। নারীবাদী উন্মত্ততার মানসিক বিকারগ্রস্ত প্রকৃতি বেরিয়ে এসেছে এখানে। আফগানিস্তান এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যাকে জাতিসংঘ নিজেই আখ্যায়িত করেছে সর্বকালের সম্ভাব্য করুণতম মানবীয় সংকট হিসেবে। প্রায় গোটা দেশই চরম দারিদ্র্য ও দীর্ঘ দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ সহনশীল পশ্চিমা বিশ্ব দেশটির সব সম্পদ আটকে ধরে রেখেছে।
এ ব্যাপারে এসকল “মুসলিম নারীবাদী”র বক্তব্য কী? তারা বলে সহায়তা হতে হবে “শর্তসাপেক্ষ”। আফগানিস্তানের ছোট্ট মেয়েদের যেন “পূর্ণাঙ্গ, সমতাপূর্ণ ও উচ্চমানসম্পন্ন শিক্ষা” অর্থাৎ, লিঙ্গবিদ্যা, এলজিবিটি, নারীবাদী মগজধোলাই প্রদান করা হয়, এই শর্তেই নাকি প্রদান করতে হবে সহায়তা। ভুলে গেলে চলবে না, আমেরিকান-উদারতাবাদী দখলদারিত্বকালে জেন্ডার প্রোগ্রামের জন্য প্রায় ৭৮৭ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র সরকারের কিছু প্রতিবেদন জানিয়েছে।
দেখলেন, উদারতাবাদী নারীবাদ কত সহনশীল আর শান্তিপূর্ণ? নারী-পুরুষ নির্বিশেষে আফগানিস্তানের মুসলিমরা যতদিন না নারীবাদী নির্দেশনা মেনে নিচ্ছে, ততদিন তাদের অনাহারে মারা উচিত! মানো, নাহলে মরো!
সম্পর্কিত: নারীবাদ কি নারীদের ইসলাম ত্যাগের কারণ?

