সাইয়্যেদুনা আবু হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“নিশ্চয়ই, আল্লাহ্ তা’আলার গাইরাত রয়েছে এবং একজন মু’মিনও গাইরতওয়ালা হবে। মু’মিন ব্যক্তি যখন হারাম কোন কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ্ তা’য়ালার গাইরাত প্রকাশিত হয়।” [Bukhārī & Muslim]
ইসলামের জন্য একজন মুসলিমের গাইরাত
‘গাইরাত’ আল্লাহ্ তা’য়ালার পছন্দনীয় একটি গুণ। বুঝার সুবিধার্থে, গাইরাতকে ‘হায়া’ (অর্থাৎ শালীনতা বা, লজ্জা)-র আলোকে ব্যাখ্যা করা যাক। যখন কারো মধ্যে ‘শালীনতা’ বা, ‘লজ্জাবোধ’ থাকবে, তখন সে গাইরাত অনুভব করবে। শালীনতাপূর্ণ ব্যক্তি, অশালীন কোন কিছু দেখা কিংবা অভিজ্ঞতা নেওয়া সহ্য করতে পারে না। ‘অশালীনতা’ সহ্য না করতে পারার এ অনুভূতিকেই বলা যায়- ‘গাইরাত’।
ইসলাম, মানুষের মানবীয় প্রবৃত্তি বা, বৈশিষ্ট্যসমূহকে অস্বীকার কিংবা উপেক্ষা করে না; কেবলমাত্র উপযুক্ত পরিস্থিতি ও ক্ষেত্রসমূহের জন্য নির্ধারণ করে দেয়। যাতে করে মুসলিমরা এ বৈশিষ্ট্যসমূহকে নিষিদ্ধ ক্ষেত্রসমূহে নিয়ন্ত্রণ করে, নির্ধারিত ক্ষেত্রসমূহে প্রয়োগ করতে পারে। উদাহরণস্বরূপ: রাগ মানুষের একটি সহজাত প্রবৃত্তি। ইসলাম, মানুষের এ সহজাত প্রবৃত্তিকে, জীবন থেকে একেবারে নির্মূল করে ফেলতে বলে না; বরং, নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়, যাতে আমরা অযাচিতভাবে রাগ প্রকাশ না করি। একইসাথে, ইসলাম আমাদের রাগকে সঠিক ক্ষেত্রে প্রকাশ করতে উৎসাহিত করে। যেমন: দুনিয়ার বুকে, আল্লাহ্ তা’আলার কোন বিধান পদদলিত হতে দেখলে, আল্লাহ্ তা’আলার সন্তুষ্টির জন্য রাগান্বিত হওয়া মু’মিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য।
RELATED: রাসূল ﷺ-এর সম্মানকে সুরক্ষিত রাখা
গাইরাতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি একজন ব্যক্তি গাইরাত অনুভব করেন, তাহলে তাকে অন্যের অধিকার লঙ্ঘন না করে এই গুণ বা বৈশিষ্ট্যটি প্রয়োগ করতে হবে। গাইরাতপূর্ণ ব্যক্তি- আল্লাহ্ তা’আলার আদেশ ভঙ্গ করা, অপব্যাখ্যা করা, ঠাট্টা-বিদ্রুপ করা ইত্যাদিতে বিক্ষুব্ধ হবে, চাই সেটা প্রকাশ্যে করা হোক কিংবা গোপনেই করা হোক। গাইরাত অত্যন্ত প্রশংসনীয় একটি গুণ; কিন্তু আল্লাহ্ তা’আলার প্রতি অবাধ্যতার অবসান ঘটাতে হলে, সেটাকে পরিস্থিতি অনুযায়ী এবং প্রজ্ঞার সাথে ব্যবহার করতে হবে।
সহীহ বুখারী এবং সহীহ মুসলিম উভয় কিতাবে একটি হাদিস পাওয়া যায়- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, তাঁরও গাইরাত রয়েছে যা সকল মানুষের থেকে বেশি এবং আল্লাহ্ তা’আলার গাইরাত তাঁর থেকেও অনেক বেশি। তাঁর গাইরাতের কারনেই তিনি যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজে নিষেধ করেছেন।
গাইরাতের প্রয়োগ করতে গেলেই, আধুনিকতাবাদীরা (Modernists) তাদের চিরচেনা ভন্ডামি নিয়ে আবির্ভূত হয়। যখন একজন মু’মিন গাইরাত প্রদর্শন করে, তখন তারা: ‘আপনি খুবই কর্কশ মানুষ’, ‘আরে, হিকমাহ অবলম্বন করুন’, ‘আরে ভাই, ইসলাম এত কঠিন না’… ইত্যাদি বিভিন্ন ফাঁকা বুলি আওড়ানো শুরু করে। প্রশ্ন হলো- মডার্ণিস্টরা যদি কোন কাজকে ভুল বা, মন্দ হওয়ার ব্যাপারে একমত হয়েই থাকে, তাহলে তো তারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করার কথা, তাই না? কিন্তু, তারা সেটা করে না। উল্টো সেটাকে মেনে নিয়ে সেটার বিস্তার ঘটানোর প্রতি আহ্বান জানায়? কারণ, ইসলামের জন্য তাদের কোন গাইরাত নেই কিংবা গাইরাতের ঘাটতি রয়েছে। অর্থাৎ, মন্দ এবং অন্যায় কাজের প্রতিবাদ না করে, তারা সেটাকে স্বাভাবিকীকরণ করতে চেষ্টা করে। এমনকি যারা অন্যায়ের প্রতিবাদ করে, উল্টো তাদেরকে নানাভাবে গালমন্দ ও হয়রানি করে! সুবহানাল্লাহ! কোথায় সেই শালীনতা?! কোথায় সেই গাইরাত?!
RELATED: “মূলধারার মুসলিম” বনাম “আধুনিকতাবাদী মুসলিম”
পরিবারের জন্য একজন মুসলিমের গাইরাত
গাইরাতের এই অনুপস্থিতি কিংবা ঘাটতির পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“তিন প্রকারের মানুষ জান্নাতে প্রবেশ করবে না; পুরুষের বেশ ধারণকারী নারী, মাদকাসক্ত ব্যক্তি এবং দাইয়্যুস।” [সুনানে নাসাঈ, মুসনাদে আহমাদ]
“দাইয়্যুস কারা?” এ প্রশ্ন করা হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“দাইয়্যুস হলো সে ব্যক্তি, যে তার স্ত্রীর সাথে কে মেলামেশা করে সে ব্যাপারে (অর্থাৎ স্ত্রীর পর্দার ব্যাপারে) উদাসীন থাকে।”
এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যে- একজন ব্যক্তির যখন গাইরাতের অনুভূতি থাকবে, তখন সে অবশ্যই তাঁর অধীনস্থ নারীদের পর্দা ও সম্মান রক্ষা করতে সচেষ্ট থাকবে। পক্ষান্তরে- গাইরাতহীন ব্যক্তি, নিজ স্ত্রী, কন্যা, বোন কিংবা মায়ের লজ্জা বা, শালীনতাকে লঙ্ঘিত হতে দেখলেও কিছুই মনে করে না।
RELATED: নিজ স্ত্রীকে বিকিয়ে দেওয়া: একটি নব্য খ্রিস্টীয় প্রথা
ধর্মহীন সভ্যতা, আমাদেরকে নারীবাদী মনোভাব গ্রহণ করতে আহ্বান জানায়; অথচ আল্লাহ্র প্রতি আমাদের ওয়াদা ও বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামদের জীবনাচরণ, আমাদেরকে সরাসরি এর বিরুদ্ধে অবস্থান করতে শিক্ষা দেয়। নারীবাদী ও লিবারেলদের অভিযোগ হলো, গাইরাত থাকার মানে নাকি ‘নিরাপত্তাহীনতায় ভোগা’! কিন্তু প্রকৃতপক্ষে, গাইরাত থাকা মানে কোন ধরণের নিরাপত্তাহীনতায় ভোগা নয়; বরং গাইরাত থাকার মানে হলো, যে কোন ধরনের নিরাপত্তাহীন পরিবেশ-পরিস্থিতি থেকে নিজ পরিবারকে সুরক্ষা দেয়ার মানসিক আকাঙ্ক্ষা ধারণ করা। আর গাইরাত না থাকার মানে হলো- নিজ পরিবারের ইজ্জত ও সম্ভ্রমের নিরাপত্তার ব্যাপারে নিশ্চেষ্ট থাকা।
শুধুমাত্র পুরুষরাই নারীদের ইজ্জত-সম্মানের ব্যাপারে সতর্ক থাকবে, এমনটা কিন্তু না। নারীদেরকেও তাদের নিজেদের সম্মান এবং তাদের স্বামীদের সম্মান রক্ষা করে চলতে হবে। নিশ্চিত করতে হবে যে, তাদের স্বামীরা পরনারীদের সাথে মেলামেশায় লিপ্ত নয়।
RELATED: ইখতিলাত: একটি গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত ইসলামী নিষেধাজ্ঞা
একজন সত্যিকারের মুসলিম পুরুষ কোন অবস্থাতেই বেগানা নারীদের সাথে মেলামেশা কিংবা হাসি-ঠাট্টা করতে পারে না; ঠিক তেমনি, একজন প্রকৃত মুসলিম নারীও কোন অবস্থাতেই, নন-মাহরামদের সাথে সামাজিকতা রক্ষার নামে মেলামেশা, উঠাবসা কিংবা হাসি-ঠাট্টা করতে পারে না।
যখন আপনি কাউকে এরকম কিছু করতে দেখবেন, তখন প্রজ্ঞার সাথে তাদেরকে উপদেশ দিবেন এবং শালীনতা ও আদর্শের পথে ফিরে আসতে তাদেরকে সহায়তা করবেন। আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে হকের পথে চলার তাওফিক দান করুন! আমিন।
RELATED: নারী-পুরুষ পৃথকীকরণের ইসলামী মূলনীতি
তথ্যসূত্র
Source: Tarjumān As-Sunnah vol.2 pp.177-179
মুফতি আবদুল্লাহ-র টুইটার একাউন্ট @MuftiAMoolla

