এক সাম্প্রতিক প্রবন্ধে আমরা ইসলামি জাগরণ আন্দোলন সম্পর্কে লিখেছিলাম (যা “সাহ্ওয়া” নামেও পরিচিত)। এটি ‘৯০-এর দশকে সৌদি আরবে সূচিত এক সামাজিক প্রতিবাদ আন্দোলন। হারামাইনের ভূমিতে আমেরিকান সেনাবাহিনিকে প্রবেশাধিকার দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই আন্দোলনের সূত্রপাত।
রাষ্ট্র কঠোর হাতে এই আন্দোলনকে দমন করে। আন্দোলনটির শতশত সমর্থক সহ এর নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। সৌদি সরকার সেসময় আরো একটি পালটা কৌশল অবলম্বন করেছিল, যা সাহ্ওয়া আন্দোলনের আবেদনকে দুর্বল করে দিতে অধিকতর কার্যকর ভূমিকা পালন করে।
সক্রিয়ভাবে সরকারি সমর্থন লাভকারী কিছু “পালটা আন্দোলনে”র উদ্ভব ঘটে। সাহ্ওয়ার আবেদন দুর্বল হয়ে পড়ে এর ফলে। রাজপরিবারের সমালোচনা থেকে মনোযোগ সরে যায় জনগণের। এর বদলে তারা বিভিন্ন মুসলিম জনগোষ্ঠীর মাঝে ফাটল ধরানোর ওপর মনোনিবেশ করে।
এমনই এক পালটা আন্দোলন হলো কথিত “মাদখালি”দের কার্যক্রম। “জামিয়্যি” নামেও পরিচিত তারা। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আমান আল-জামির নামে তাদের এই নামকরণ। তারা “মদিনার আলিমগণ (‘উলামা’)” নামেও পরিচিতি লাভ করেন। কারণ তাদের মধ্যকার প্রসিদ্ধতম ব্যক্তিরা সেখান থেকেই আগত, মূলত সেখানকার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে।[১]
“মাদখালি” তাহলে কারা?
কীভাবে ও কেন তাদের উদ্ভব?
আর তাদের তৈরি হওয়ার পেছনে কি আসলেই সৌদি পুলিশ গোপনে কলকাঠি নেড়েছে?
উক্ত প্রশ্নগুলোই আমরা এই প্রবন্ধে নেড়েচেড়ে দেখব।
সেই আদিকেলে প্রশ্ন: দা’ওয়াহ, না রাজনীতি?
আজও পর্যন্ত এই আন্দোলনের সবচেয়ে সুপরিচিত মুখ শাইখ রাবি’ বিন হাদি আল-মাদখালি। তার জন্ম ১৯৩১ সালে। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে তিনি নব্বইয়ের দশকের শেষদিক পর্যন্ত হাদিস অনুষদে শিক্ষকতা করেছেন। আল-আলবানির ছাত্র থাকাকালীন সত্তরের দশকে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য আল-জামা’আতুস সালাফিয়্যাত আল-মুহতাসিবা নামক দলে যোগ দিয়েছিলেন (বলাবাহুল্য, এটি জুহাইমান আল-উতাইবির দল)।[২]
১৯৭৯ সালে মক্কা অবরোধের ভয়াবহ ঘটনাটির পর আল-মাদখালি কীভাবে কীভাবে যেন কারাগারে যাওয়া থেকে বেঁচে যান। সেই থেকে নিয়ে শাসকগোষ্ঠীর প্রতি দারুণ আনুগত্য প্রদর্শন করে চলেন তিনি। আশির দশকের শেষদিকে তিনি ধর্মপ্রচারে নবিদের অনুসৃত পদ্ধতি প্রজ্ঞাময় ও যৌক্তিকশিরোনামে একটি গ্রন্থ রচনা করে সৌদির ধর্মীয় পরিমণ্ডলে নিজের নাম রৌশন করেন। এতে তিনি বলেন যে, দা’ওয়াহরক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকারযোগ্য বিষয় হলো মুসলিমদের ‘আকিদা শুদ্ধকরণ।[৩]
আধুনিক যুগের মুসলিমদের মতদ্বৈধতার একদম মূলে গিয়ে নাড়া দেয় তার এই বক্তব্য। এই যুদ্ধের এক পক্ষের দাবি, মুসলিমদের নিরাপত্তাবিধানের জন্য আগে আমাদের একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো অর্জন করা চাই। অপরপক্ষ বলে যে, আগে সহিহ আকিদার ব্যাপারে মুসলিমদের শিক্ষিত করে তারপর রাজনীতির দিকে মন দিতে হবে।
সম্পর্কিত: [WATCH] সাজিদ লিফাম এবং মাদখালি ভাইরাস
প্রথম দলটির বিশ্বাস, সাধারণ জনগণের মাঝে শিক্ষার যে অভাব, শক্তিশালী রাজনৈতিক সত্তা অর্জনের মাধ্যমে সেই সমস্যারও সমাধান হবে (কারণ এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও চলে আসবে হাতে)। পক্ষান্তরে দ্বিতীয় দলটির বিশ্বাস, গলদ আকিদাকে সহিহ করতে করতে ক্রমান্বয়ে ওপরে ওঠা যাবে, যা কালক্রমে গিয়ে প্রভাবিত করবে সরকারকে।
গোপন পুলিশবাহিনি, না নিতান্তই সরকারের হাতিয়ার?
সাহ্ওয়া আন্দোলন এবং সৌদি সরকারের মাঝে টানাপোড়েন তীব্রতর হতে থাকে। এমন সময়ে কিছু আলিম খোলাখুলি সমালোচনা করতে শুরু করেন সাহ্ওয়া আন্দোলনের ও সেটির সাথে সংশ্লিষ্ট আলিমদের বিরুদ্ধে। তাদের মাঝে একদম শুরুর দিকে রয়েছে আল-মাদখালি। অচিরেই তার সাথে এসে যোগ দেন রাজপরিবারের প্রতি অনুগত অন্যান্য ব্যক্তিত্ব। গড়ে ওঠে মাদখালি আন্দোলন।
এই আনুগত্যের প্রতিদানে সৌদি সরকার এই নবগঠিত পালটা আন্দোলনকে বিপুল সহযোগিতা প্রদান করে, বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী রাজকুমার নায়েফের মাধ্যমে:
“অল্প সময়ের মাঝেই এই আন্দোলন উল্লেখযোগ্য পরিমাণ উপায়-উপকরণ ও প্রাতিষ্ঠানিক সম্বলের মালিক বনে যায়। ফলে সামাজিক পরিমণ্ডল বা ধর্মীয় অঙ্গনে উপেক্ষিত বোধ করা লোকদের কাছে দারুণ লোভনীয় হয়ে ওঠে আন্দোলনটি।”(৪)
মাদখালিগণ দুটি বিষয়ের ওপর জোর দেন। প্রথমত, সাহ্ওয়ার প্রতি প্রবল বিরোধিতা। দ্বিতীয়ত, সৌদি রাজপরিবারের প্রতি টনটনে আনুগত্য প্রদর্শন। সাহ্ওয়াপন্থীদেরতারা ইখওয়ানুল মুসলিমিনের সদস্য বলে আখ্যায়িত করেন। অভিযুক্ত করেন ভ্রান্ত ‘আকিদা পোষণকারী হিসেবে। অথচ সাহ্ওয়াপন্থীরাও নিজেদের একই আসারি আকিদার অনুসারী হিসেবে দাবি করেন। সাফার আল-হাওয়ালি তো যেসব বিষয়কে সুফি ও আশ’আরিদের “ভ্রান্তি” বলে মনে করেন, সেগুলোর সমালোচনায় গোটা গোটা বই-ই রচনা করে বসেছেন।[৫]
এই সমস্যা নিরসনে মাদখালিরা একটি নতুন মানদণ্ড নিয়ে আসেন:
“এই সাহ্ওয়াপন্থীরা হয়তো ‘আকিদার দিক দিয়ে ‘সালাফি’ হতে পারে, কিন্তু তাদের কর্মপদ্ধতি (মানহাজ) সহিহ নয়।”
আরেকভাবে বললে: এই মুসলিমরা হয়তো আমাদের মতানুযায়ী বেশ ভালোভাবেই সহিহ ‘আকিদার অধিকারী। কিন্তু যে পদ্ধতি তারা প্রয়োগ করছে, তা নিকৃষ্ট বিদ’আত। অতএব, তারা আমাদের মতো সত্যিকারের ‘সালাফি’ নয়।[৬]
মাদখালিরা সাহ্ওয়াপন্থীদের রাজনীতিমুখিতাকেও সমালোচনার লক্ষ্যবস্তু বানান। অভিযোগ, এটি তাদের ‘ইল্ম থেকে বিমুখ করে দিয়েছে। মাদখালিদের দৃষ্টিতে, সরকারের প্রতি আনুগত্য আগাগোড়া ফরয। ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর প্রতি সাহ্ওয়াপন্থীদের শত্রুতার নিন্দা করেন তারা। হিযবিয়্যাহ তথা দলাদলির অভিযোগে অভিযুক্ত করেন তাদের। সৌদি শাসকগোষ্ঠীর সমর্থনে মাদখালিদের এহেন উদগ্রীবতা দেখে সাহ্ওয়ি নেতৃবর্গ এদের “শাসকদের ফেরকা” (হিযবুল উলাত) বলে ঠাট্টা করেন।[৭]
মাদখালিদের কার্যক্রমের প্রধান ধরন ছিল সাহ্ওয়ি আলিমদের লেখালেখিও ঘোষণাবলির বিরুদ্ধে ভুরি ভুরি খণ্ডন (রুদুদ) রচনা করা। মাদখালিরা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সমর্থনে প্রদত্ত বক্তৃতার সংখ্যাও বাড়িয়ে দেন। তাদের বক্তৃতা-সমাবেশের জন্য জায়গার ব্যবস্থা করে দিতে কর্তৃপক্ষও হুড়োহুড়ি লাগিয়ে দেয়। পরিস্থিতি এত দূর গড়ায় যে, সাফার আল-হাওয়ালি যে মাসজিদে নিয়মিত দারস দিতেন, তারা নিজেরা গিয়ে গেড়ে বসেন সেখানে।
একবার আস-সুহাইমি এবং আব্দুর রায্যাক আব্দুল আব্বাদকে (দুজন মাদখালি আলিম) ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বুরাইদায় পাঠানো হয়। উদ্দেশ্য, সেখানে মাদখালি মতাদর্শকে জোরদার করা। তারা বক্তৃতা দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্রতিবাদ করেন কিছু তরুণ সাহ্ওয়ি। এতে লাউডস্পিকার অচল হয়ে পড়ে। ওই তরুণেরা স্লোগান দিতে থাকেন:
“বুরাইদার আঙিনায়, [মাদখালিদের] ঠাঁই নাই!”[৮]
মাদখালিদের আরেকটি অভ্যাস গড়ে ওঠে। তা হলো প্রতিপক্ষের নামে প্রতিবেদন তৈরি করে তা গোপন পুলিশবাহিনির কাছে প্রেরণ করা। গোপন পুলিশবাহিনির সাথে সহযোগিতা করার আকুল আবেদন জানান তারা। এর লক্ষ্য ছিল তাদের প্রতিদ্বন্দ্বীদের পেছনে পুলিশকে লেলিয়ে দেওয়া। এমনই এক প্রতিবেদনের বদৌলতে মাদখালিদের কপালে সৌদি সরকারের সুদৃষ্টি জুটে যায়।
সেই প্রতিবেদনের শিরোনাম: গোপন বৈশ্বিক সংস্থা, সৌদি আরবে পরিকল্পনা ও প্রয়োগ — নথিপত্র ও বাস্তবতা। এর লেখকগণ নিজেদের দাবি করেন “বিশ্বস্ত সালাফি” হিসেবে। সাইয়্যিদ কুতবের মতাদর্শে উজ্জীবিত ইসলামপন্থী একটি গোপন সংস্থার অস্তিত্বের কথা বলে সেটার নিন্দা করেন তারা। তাদের অভিযোগ, এই সংস্থাটি শাসকগোষ্ঠীকে উৎখাত করতে তৎপর। এই প্রতিবেদনে তারা সাহ্ওয়ার বিরুদ্ধে এমন অভিযোগও উত্থাপন করেন যে, এটি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখে। এই সংস্থার কার্যক্রম নির্মূল করার জন্য তারা সরকারের কাছে আকূল আবেদন জানান।[৯]
এই সবকিছুর ভিত্তিতে হয়তো বলাই যায় যে, মাদখালি পালটা-আন্দোলন আসলে সৌদি গোপন পুলিশবাহিনির সৃষ্টি। এই গোষ্ঠীটিকে তারা শাসকদের বিরুদ্ধে সমালোচনা প্রতিহত করার একটি সুযোগ হিসেবে লুফে নেয়। তাছাড়া এই গোষ্ঠীর উদ্ভবের পেছনে যদি সৌদি ইন্টেলিজেন্সের সরাসরি হাত না-ও থাকে, তারপরও এই আন্দোলন স্বেচ্ছায় বা অনিচ্ছায় সরকারের হাতের ক্রীড়নক হিসেবে কাজ করেছে। নিজেদের ওপর থেকে সমালোচনার তির সরাতে এদের ব্যবহার করেছে সরকার।
সম্পর্কিত: খিলাফাহ’র বিরুদ্ধে কথিত “ইসলামি” আপত্তিসমূহের জবাব
তথ্যসূত্র
[১] ল্যাকোরিক্স, স্টিফেন। অ্যাওয়েকেনিং ইসলাম, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, ২০১১, পৃ.২১২।
[২] ইয়ারোস্লাভ ট্রফিমভ, দ্য সিজ অব মেকা (নিউ ইয়র্ক, ডাবলডে, ২০০৭)।
[৩] অ্যাওয়েকেনিং ইসলাম, পৃ.২১২।
[৪] প্রাগুক্ত, পৃ.২১৩।
[৫] দ্রষ্টব্য: সাফার আল-হাওয়ালি, মানহাজুল আশা’ইরা ফিল-‘আকিদা[The Methodology of the Ash’arites in Creed], www.alhawali.com; আল-হাওয়ালি, আর-রদ্দ ‘আলাল খুরাফিয়্যিন[Refutation of the Superstitious], www.saaid.net.
[৬] অ্যাওয়েকেনিং ইসলাম, পৃ. ২১৫।
[৭] প্রাগুক্ত, পৃ. ২১৬।
[৮] প্রাগুক্ত, পৃ. ২১৭।
[৯] আবু কাতাদা আল-ফিলাস্তিনি, বাইনা মানহাজাইন – হালাকা নং ৭৬[Between Two Methodologies – Part 76], www.altaefa.com.

