বাঙালি মুসলমান- যারা বাংলাদেশের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা (মোট জনসংখ্যার ৯০ শতাংশের কিছু বেশি) এবং প্রতিবেশী ভারতেও যাদের সংখ্যা কোটি কোটি – মোট সংখ্যা ২০ কোটিরও বেশি বলে ধারনা করা হয়, আরবদের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতি। (আরো লক্ষণীয় বিষয় হল বাঙালি হিন্দুর সংখ্যা প্রায় আট কোটি)
ঠিক এ কারণেই, তাদের ইতিহাস এবং অবদান সম্পর্কে আরও ভালভাবে জানা ও বোঝার চেষ্টা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
বাংলায় ইসলাম: বৈচিত্র্যময়, বিজয়-গাঁথা
মজলুম খান তার বই “দ্য মুসলিম হেরিটেজ অফ বেঙ্গল (The Muslim Heritage of Bengal)”- এ ৪২ জন নারী-পুরুষের জীবনীতে দৃষ্টিপাত করেছেন যারা বাংলায় ইসলামকে রূপ দিয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে পূর্বে যদিও বিভিন্ন মুসলিম ব্যক্তিবর্গ ধর্ম প্রচার করেছেন, কিন্তু বাংলা এলাকায় (এবং প্রতিবেশী বিহারেও) একটি ইসলামী শাসনের আসল সূচনা তেরো শতকের তুর্কি শাসক মুহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমেই হয়েছিল।
তিনি মূলত জনসাধারণের মধ্য থেকে বৌদ্ধ ও হিন্দু ধর্মকে অপসারন করেছিলেন যেন বাংলায় ইসলামকে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
বলা হয়ে থাকে, খলজির সফল অভিযানের পিছনে অন্যতম কারণ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী পাল ও হিন্দু ধর্মাবলম্বী সেন রাজবংশের মধ্যে চলমান বৈরিতা।
খলজি বাংলা সালতানাতসহ পরবর্তী মুসলিম বিজয়সমূহের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছিলেন।
সালতানাত শব্দ দ্বারা বোঝায় বিভিন্ন রাজবংশ (বিভিন্ন জাতি থেকে আসা) নিয়ে গঠিত অনেকগুলো সাম্রাজ্যের সমষ্টি যা বস্তুগত ঐশ্বর্য এবং সামরিক বিজয় দ্বারা বৈশিষ্ট্যমন্ডিত। আধুনিক নেপালের পাশাপাশি আধুনিক মায়ানমারের কিছু অংশ, বা আরো সঠিকভাবে বললে আরাকানের উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত। এক অর্থে রোহিঙ্গারা সুলতানি আমলের জীবন্ত উত্তরাধিকার।
সম্পর্কিত: রোহিঙ্গাদের উৎপত্তি নিয়ে মহাবিতর্ক: বিষয়টা কি গুরুত্বপূর্ণ?
এই সকল শতাব্দী জুড়ে ইসলাম বিকশিত হতে থাকে দুইভাবেই – মুসলিম অভিবাসন, এবং ধর্মান্তর- যার মধ্যে “উচ্চ বর্ণের” হিন্দু থেকে ধর্মান্তরিতরাও রয়েছে।
মুহাম্মদ আবদুর রহিম, তার ‘বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস’ (Social and Cultural History of Bengal), ভলিউম ১ (১২০১-১৫৭৬ সময়কাল উদ্ধৃত করে), ৬৪ নং পৃষ্ঠায় লিখেছেন:
মহাদুর্ভিক্ষের আগে ১৭৭০ সালে, মোট বাঙালি মুসলিম জনসংখ্যা ছিল এক কোটি ছয় লাখ এবং এর মধ্যে বত্রিশ লাখ সত্তর হাজার ছিল অভিবাসী মুসলমানদের এবং সত্তর লাখ ত্রিশ হাজার ছিল ধর্মান্তরিত মুসলমান। জন্মহার একশ ভাগ বৃদ্ধি ধরে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে, অভিবাসী মুসলমান এবং ধর্মান্তরিত মুসলমানদের সংখ্যা দুই শতাব্দী পূর্বে যথাক্রমে প্রায় ৮ লাখ এবং ১৯ লাখ ছিল। তার মানে ১৫৭০ সালে বাঙালী মুসলমান জনসংখ্যা ছিল ২৭ লক্ষ এবং হিন্দু ছিল ৪১ লক্ষ, মোট জনসংখ্যা ৬৮ লাখ – ৭০ লাখ ধরা যায় বাংলায় বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বী মিলে। অর্থাৎ, মুসলিমরা এ জনপদের মোট জনসংখ্যার ৩৯.৫ শতাংশ প্রতিনিধিত্ব করে। বাঙালি মুসলমান জনসংখ্যার এ বৃদ্ধিতে বিদেশী উপাদানের অবদান ২৯.৬ শতাংশ এবং স্থানীয় ধর্মান্তরিত ৭০.৪ শতাংশ।
এর পরপরই তিনি “উচ্চ বর্নের” হিন্দু ও বৌদ্ধদের থেকে ধর্মান্তরিতদের ব্যাপারে লিখেছেন:
ধর্মান্তরিত মুসলমানদের একটি উল্লেখযোগ্য অংশ হল মিশ্র জাতি এবং উচ্চ বর্নের হিন্দু সম্প্রদায় থেকে ধর্মান্তরিত হওয়া। অভিবাসী মুসলমানদের মধ্যে ব্রাহ্মণ ও কায়স্থ পরিবারের হিন্দু নারীদের বিয়ে করার অনেক নজির আছে।
[He provides a multitude of concrete examples.]
সমসাময়িক কবি ও পরিব্রাজকরা লক্ষ্য করেন যে, বিপুল সংখ্যক ব্রাহ্মণ ও কায়স্থ যারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল, তারা হয় ধর্মীয় ও সামাজিক, কিংবা বস্তুগত কারণে করেছে। কবি বৃন্দাবন দাস তার চৈতন্যমঙ্গলে বলেছেন, “হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্রাহ্মণরা পর্যন্ত এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল।”
তিনি আবারও অনেকগুলো উদাহরণ পেশ করেন। জালালুদ্দিন মুহম্মদ শাহ – যিনি বাংলা সালতানাতের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক এবং যিনি আরাকানকে তাঁর অধীনে নিয়ে এসেছিলেন – প্রকৃতপক্ষে তিনি নিজেই ছিলেন ব্রাহ্মণ বংশের উচ্চ বর্ণের হিন্দু পরিবার থেকে আসা ধর্মান্তরিত মুসলিম।
আমরা বেশ সতর্কতার সাথেই এ বিষয়টি উল্লেখ করা প্রয়োজন মনে করেছি, কারন, বাংলায় ইসলামের “বৈচিত্র্য” দেখানোই শুধু আমাদের উদ্দেশ্য না (হিন্দুরা সবাই একই জাতিগোষ্ঠীর লোক হওয়ায় ‘উম্মাহ’ ধারণার যেকোন রূপ ও ধরনই তাদের জন্য মাথা ব্যথার কারণ), বরং সেই সাথে এ কথার উপরও জোর দেওয়া যে সকল বাঙালি মুসলমান “নিম্ন বর্ণ” থেকে আসে নি। এটা গুরুত্বপূর্ণ এ কারণে যে, বর্ণকেন্দ্রিক হওয়ার কারণে হিন্দুদের সূক্ষ্মভাবে অভিযোগ করার একটি উপায় হল এ কথা বলা, “ইসলাম শুধুমাত্র সবচেয়ে নিচু লোকজনকে আকৃষ্ট করে”।
সম্মিলিত ব্রিটিশ-হিন্দু নিপীড়ন
একদম আক্ষরিক অর্থেই বলা যায়, বাঙালি মুসলমানদের এমন একটি সমৃদ্ধ ইতিহাস আছে। মুঘল সাম্রাজ্যের সুবাহ-ই-বাংলা (বাংলা প্রদেশ), যা দিয়ে বাংলা সালতানাত প্রতিস্থাপিত হয়েছিল (কিছু প্রতিরোধ সত্ত্বেও, বারো ভুঁইয়া অধ্যায় দেখুন), যা ১৫৭৬ সাল থেকে ১৭৬৫ সাল (যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পনীর কাছে পতন হয়েছিল) পর্যন্ত স্থায়ী হয়েছিল, সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধশালী প্রদেশ এবং পুরো বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে বিখ্যাত ছিল।
উদাহরনস্বরূপ, এশিয়া থেকে ডাচদের (বর্তমান নেদারল্যান্ডস) আমদানি পন্যের আনুমানিক প্রায় ৪০ শতাংশ হত এই বঙ্গ প্রদেশ থেকে এবং বাংলা চীনের চেয়ে বেশি রেশম রপ্তানি করত। অন্যান্য রপ্তানি পন্যের মধ্যে ছিল চাল এবং তুলা, আমেরিকা মহাদেশ থেকে জাপানে রপ্তানি করা পণ্য।
এ পর্যায়ের সম্পদ স্বাভাবিকভাবেই ইউরোপীয়দের আকৃষ্ট করবে এবং শেষ পর্যন্ত ব্রিটিশরাই নবাবদের বাংলাকে পরাধীন করে ফেলেছিল।
সম্পর্কিত: ব্রিটিশ “নবী”- ঔপনিবেশিকতার প্রতি মির্জা গোলাম আহমেদের তীব্র ভালোবাসা
১৭৯৩ সালে তারা বংশগত জমিদারি প্রথা চালু করে। এই জমিদাররা ছিল সাম্রাজ্যের অনুগত এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এরা ছিল প্রধানত হিন্দু। অন্যদিকে, মূল জনসংখ্যার বিশাল বড় অংশ ছিল কৃষক, তারা ছিল মূলত মুসলমান। (জমিদাররা তাদের বিশেষ অধিকার হারায় কেবল পূর্ব পাকিস্তান ভূমি অধিগ্রহণ আইন, ১৯৫০ -এর মাধ্যমে [East Pakistan Estate Acquisition Act, 1950])
এটা এক প্রকার ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেঃ হিন্দু জমিদার (এবং মহাজন) অত্যাচারিত মুসলিম কৃষকদের বিরুদ্ধে, যারা কার্যত দাস ছিল (ব্রিটিশরা মধ্যযুগীয় ইউরোপীয় প্রথার অনুকরণে করেছিল) ।
অনিবার্যভাবেই, এ ধরনের উত্তেজনা রাজনৈতিক বিদ্রোহের জন্ম দিবে এবং এর বহিঃপ্রকাশ পায় হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ও তার ফরায়েজী আন্দোলনের মাধ্যমে, যা কার্যকর ছিল মূলত পূর্ব বাংলার গ্রামীণ জনপদে – ঊনিশ শতকের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত। (শরীয়তুল্লাহর পর তার পুত্র দুদু মিয়া তার এ সংগ্রামের উত্তরাধিকারী হন)।
মক্কা থেকে প্রত্যাবর্তন করে হাজী শরীয়তুল্লাহ বাঙালি মুসলিম সমাজের ধর্মীয় স্তরে সংস্কারের লক্ষ্য নিয়েছিলেন; কিন্তু তখনকার বিশেষ প্রেক্ষাপটে এটা স্পষ্ট যে, শিরকের বিরুদ্ধে লড়াই করার অর্থ ছিল ব্রিটিশ ও হিন্দু শাসকদের বিরুদ্ধে লড়াই করা।
ইফতেখার ইকবাল তার বই, দ্য বেঙ্গল ডেল্টাতে (The Bengal Delta, p.68) পরিস্থিতির সারমর্ম বর্ণনা করেছেন নিম্নরূপ:
হাজী শরীয়তুল্লাহ কর্তৃক ফরায়েজি আন্দোলন শুরু হয় ১৮৩০ সালের দিকে। ১৭৮১ সালে নদী বিধৌত জেলা ফরিদপুরে জন্মগ্রহণকারী শরীয়তুল্লাহ মক্কা এবং কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য, ইসলামী আইনশাস্ত্র এবং সুফিবাদ অধ্যয়ন করেন। ১৮২০-এর দশকের শেষের দিকে দেশে ফিরে তিনি বাঙালী মুসলিম সমাজের মধ্যে কুরআনের শিক্ষার সাথে সাংঘর্ষিক বিভিন্ন ঐতিহ্যবাহী প্রথা (রেওয়াজ) দূর করার জন্য একটি প্রচারণা শুরু করেন। এই রেওয়াজের মধ্যে ছিল পীর বা সন্ন্যাসীদের মাজার পূজা, রথযাত্রায় অংশগ্রহণ, হিন্দু সম্প্রদায়ের কিচ্ছা-কাহিনী নির্ভর ধর্মীয় মিছিল, মেয়ের প্রথম ঋতুস্রাব উপলক্ষে বাড়ির চারপাশে কলাগাছ লাগানো ইত্যাদি। শরিয়তুল্লাহর আপত্তির বিষয় ছিল এ সকল প্রথাসমূহ, যেগুলোকে সাধারণত শিরক (মূর্তিপূজা) এবং বিদ’আত (নাজায়েয উদ্ভাবন) বলা হয়। কিন্তু গ্রামীণ বাংলার এসব “সম্মিলিত প্রথা” থেকে মুসলিম সম্প্রদায়কে পরিশুদ্ধ করার তার যে প্রচেষ্টা তা তাকে জমিদারদের সাথে পরোক্ষ সংঘর্ষের দিকে নিয়ে যায়। শরীয়তুল্লাহ পূজা উদযাপনের জন্য অঘোষিত কর প্রদান এবং হিন্দু দেব-দেবীর উপাসনাকে শিরক হিসেবে বর্ননা করেন এবং স্থানীয় মুসলমানদেরকে এগুলো পরিশোধ করা বন্ধের নির্দেশ দেন। এ ধরনের কর্মকান্ডের ফলেই জমিদাররা শরিয়তুল্লাহকে কেবল একজন সাধারণ ধর্মীয় সংস্কারক হিসেবেই নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও বিবেচনা করেছিল।
আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিতু মীর (১৭৮২-১৮৩১)। তিনি কমবেশি হাজী শরীয়তুল্লাহর মতোই শক্তিশালী ধর্মীয় শিক্ষা পেয়েছিলেন, তবে কুস্তিগীর হওয়ার কারণে হয়তো অতিরিক্ত বোনাস পয়েন্ট পাবেন।
তিতুমীরও ব্রিটিশ এবং হিন্দু জমিদার উভয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের পর শহীদ হন। তবে এ ঘটনার আগে তিনি সফলভাবে এক প্রকার স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেখানে তিনি তার আদর্শ প্রয়োগ করতে সক্ষম হন।
এরকম বাঙালি মুসলিম ব্যক্তিত্ব আরও অনেক ছিল যারা কৃষক বিদ্রোহের প্রতীক।
সম্পর্কিত: ফিরে দেখা – মুসলমানদের বিরুদ্ধে সেক্যুলার ভারতের ১৯৮৩ সালের নেলি গণহত্যা
মুসলিম জাতীয়তাবাদ: সীমানা ছাড়িয়ে যাওয়া জাতি
যে বিষয়টা এই বাঙালি মুসলিম যোদ্ধাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে বৈশিষ্ট্যমন্ডিত করে তোলে তা হল, তারা মূলত এ অঞ্চলের মধ্যে “মুসলিম জাতীয়তাবাদের” ভিত্তি স্থাপন করেছিলেন। (আমরা ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান ভাগ নিয়ে আমাদের প্রবন্ধে আকবর এস. আহমেদের মতামত উদ্ধৃত করেছি, যিনি হাজী শরীয়তুল্লাহ এবং তাঁর পুত্রের কথাও উল্লেখ করেছেন।)
এছাড়াও আরো অনেক ইতিহাসবিদ আছেন যারা মুসলিম জাতীয়তাবাদ প্রবর্তনে এদের ভূমিকা নিয়ে লিখেছেন, জাতীয়তাবাদ কথাটি শুনতে কিছুটা খারাপ লাগে, বিশেষ করে এ অঞ্চলের বাইরের মুসলিমদের কাছে, কারণ জাতীয়তাবাদ সাধারণত সেক্যুলারিজমের সাথে সম্পর্কিত।
কিন্তু দক্ষিণ এশিয়ায় ধর্মীয় পরিচয়গুলোকে এতটাই সামগ্রিক হিসেবে দেখা হত যে এগুলো এক সময় একটি স্বতন্ত্র পরিচয় তথা “জাতিসত্ত্বার” বোধ সৃষ্টির ভিত্তি হয়ে উঠেছিল।
এ কারনেই, বাঙালি মুসলমানরা এভাবে প্রত্যেক দিক থেকে বাঙালি হিন্দুদের থেকে আলাদা ছিল।
সুতরাং এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে, ১৯৪৭ সালের উপমহাদেশ ভাগের আগে আমরা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ দেখতে পাই, যা এই অঞ্চলকে দুটি প্রশাসনিক ইউনিটে বিভক্ত করেছিল – হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা (যা পরবর্তীতে ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে পরিণত হয় এবং ১৯৭১-এ বাংলাদেশ) ।
অনেকের যে কথাটি খুব একটা জানা নেই – এমনকি বাঙ্গালী মুসলমানদের মধ্যেও অজানা, তা হল, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পিছনে যিনি অন্যতম মাথা হিসেবে কাজ করেছেন তিনি হলেন ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ, হাজী শরীয়তুল্লাহর বংশধরদের সাথে যার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। সুতরাং, এক অর্থে, বাংলার হিন্দু ও মুসলমানের রাজনৈতিক পৃথকীকরন তার কর্মের উত্তরাধিকার হিসাবে দেখা যেতে পারে।
খাজা সলিমুল্লাহ শেষে অল ইন্ডিয়া মুসলিম লীগের (All India Muslim League – AIML) একজন সহ-প্রতিষ্ঠাতা হন, যার উদ্বোধনী অধিবেশন ১৯০৬ সালে তার শহর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
এ কথা সর্বজনবিদিত যে বাঙালি মুসলমানরাই পরবর্তীতে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের দাবির পিছনে প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিল, যা অবশেষে ১৯৪৭ সালে পাকিস্তান হিসেবে আত্নপ্রকাশ করে।
উদাহরণ হিসেবে বলা যায়, পাঞ্জাবে (বর্তমানে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ) এসব কার্যকলাপের একই প্রকৃতির গতি ছিল না, যা বাংলায় ছিল। কারণ পাঞ্জাবের জমিদাররা সব ধর্মেরই ছিল। প্রকৃতপক্ষে পশ্চিম পাঞ্জাবে মুসলমানদেরই আধিপত্য ছিল।
ঠিক এ কারণেই স্যার শিকান্দর হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টি মুসলিম-হিন্দু-শিখ সেক্যুলার ঐক্যের নামে ধর্মের ভিত্তিতে দেশ ভাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যা পাঞ্জাব প্রদেশে দীর্ঘ সময় ধরে আধিপত্য বিস্তার করে রেখেছিল।
যাই হোক, এটা ছিল বাঙালি মুসলমানের রাজনৈতিক ইতিহাসের সারসংক্ষেপ মাত্র। আমরা তো তাদের ধর্মীয় জ্ঞানচর্চার জগতে ঢুকিই নি। যেমন, কিভাবে হিজাজের মাদ্রাসা আল-বাঙ্গালিয়াহ (যা বর্তমানে সৌদি আরবে অবস্থিত), বাংলা সালতানাতের সময় যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, তখনকার প্রজন্মের ডজন ডজন আলেমকে শিক্ষা প্রদান করতো।
এ প্রবন্ধটি পড়ার মাধ্যমে ন্যূনতম আশা করা যায় যে, আমরা অনেকেই বাঙালি মুসলমানদের সমৃদ্ধ ইতিহাস এবং ইসলামের জন্য তাদের অবদান সম্পর্কে আরও বেশি জানতে পেরেছি এবং অধিকতর মূল্যায়ন করতে পেরেছি।
সম্পর্কিত: কুর্দি এবং ইসলামে তাদের ঐতিহাসিক অবদান

